শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন ত্রিবেদী
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ বিষয়ে ভারত সরকার বারবার আলোচনা করছে, তবে কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি অধিবেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ইফতেখার ভারতীয় হাইকমিশনারের কাছে জানতে চান, ভারত কবে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে।
জবাবে শুরুতে কিছুটা রসিকতা করে দীনেশ ত্রিবেদী বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাঞ্চের পর দেখা করা যায় এবং সেই লাঞ্চ শিক্ষার্থীর বাড়িতে হতে পারে।
তবে শিক্ষার্থী লাঞ্চ না করেও একই প্রশ্ন বারবার করতে চান বলে জানান।
এরপর দীনেশ ত্রিবেদী বলেন, এই প্রশ্নের উত্তর দিতে তাঁর হাতে দুই ঘণ্টা সময় আছে। তবে তিনি আগে সরাসরি উত্তর দিতে চান। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ভারত সরকার বারবার আলোচনা করছে। এ ক্ষেত্রে একটি আইনি ও স্বচ্ছ প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান।
ভারতীয় হাইকমিশনার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত মূল বিষয় হলো প্রক্রিয়া চলছে। তবে এর জন্য কোনো সময়সীমা দেওয়া হবে না।
শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, সে প্রসঙ্গ তুলে দীনেশ ত্রিবেদী বলেন, তাঁকে কেউ ভারতে নিয়ে যায়নি। ভারতীয় বিমানবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীও তাঁকে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন ‘ট্রাজিক পরিস্থিতির’ কারণে বিষয়টি ঘটেছিল।
তিনি বলেন, এমন পরিস্থিতি যেন আর কোনোদিন না হয়, যেখানে নিষ্পাপ মানুষ নিহত হন—এটাই তাঁদের প্রার্থনা।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান ভারতে এসেছিল। সে সময় ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তিনি টেলিভিশনের স্ক্রলে দেখছিলেন, শেখ হাসিনা অন্য কোনো একটি দেশে যাচ্ছেন। তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে ভারতের হাতে খুব বেশি বিকল্প ছিল না।
প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে হয়। সে সময় বিমানটি ভারতে নামতে না দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল কি না—এমন প্রশ্নও তোলা যেতে পারে। তবে পরিস্থিতি তেমন ছিল না। সেটিই ছিল ঐতিহাসিক কারণ।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, আইনি প্রক্রিয়া চলছে—এটি নিশ্চিতভাবে বলা যায়। তাঁর ভাষ্য, বাংলাদেশের মতো ভারতেও প্রাণবন্ত গণতন্ত্র রয়েছে। তাই সবাইকে আইনি পদ্ধতির প্রতি সম্মান দেখাতে হবে এবং সেই আইনি পদ্ধতিই চলমান রয়েছে।
সবশেষে আবার রসিকতা করে তিনি বলেন, তাঁর লাঞ্চের পাওনা কিন্তু রয়ে গেল।
১০৮ বার পড়া হয়েছে