সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন দিল ইউজিসি

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষা কার্যক্রমে আরও এক ধাপ এগিয়ে গেল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এই অনুমোদনের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আটটি সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে কমিশন। মূলত সাতটি অনুষদের অধীনে ১৫টি বিভাগ চালুর প্রস্তাব পাঠানো হলেও যাচাই-বাছাই শেষে এই ছয়টি বিভাগ চালুর সুপারিশ করা হয়।

অনুমোদন পাওয়া নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, কৃষি বিজ্ঞান অনুষদে কৃষি, কলা ও মানবিক অনুষদে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। এ ছাড়াও বিজনেস স্টাডিজে হিসাববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে পরিবেশ বিজ্ঞান এবং লাইফ সায়েন্সেস অনুষদের অধীনে জনস্বাস্থ্য বিভাগ চালু করা হবে।

ইউজিসির দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাড়া করা ভবনের চুক্তিপত্র ও নকশা জমা দেওয়া, পৌরসভার অনাপত্তিপত্র প্রদান এবং পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে শিক্ষা কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট কোর্সের কারিকুলাম, ল্যাব ও লাইব্রেরির সুবিধা নিশ্চিত করাসহ জমি অধিগ্রহণের প্রামাণিক দলিল কমিশনে পেশ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল জানান, এই অনুমোদন একাডেমিক যাত্রা শুরুর ক্ষেত্রে বড় একটি মাইলফলক। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যাবতীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে এবং জেলাটিতে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে।

বর্তমানে ভাড়া করা একটি ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সেখানেই পাঠদান শুরু হবে। পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও সমানতালে চলছে, যেখানে সরকারের পক্ষ থেকে ৮.৫৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০