সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, লাখো দর্শকের ঢলে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে। নদীপারের দীর্ঘদিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজিত এই উৎসবে মেতে ওঠে পুরো জেলা।

শনিবার দুপুরে বেওথা এলাকার কালিগঙ্গা নদীতে বর্ণিল এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি ক্ষিপ্রগতির নৌকা চার ভিন্ন বিভাগে এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী এই বাইচকে কেন্দ্র করে কালিগঙ্গা নদীর দুই তীরে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছিল। দুপুরের পর নদীর দুই কূল পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। বাদ্যযন্ত্রের তালে তালে এবং জারি-সারির সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর জন্য প্রথম পুরস্কার হিসেবে ৪টি আকর্ষণীয় মোটরসাইকেল এবং রানারআপ দলের জন্য রেফ্রিজারেটর দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নৌকা বাইচের মতো লোকজ বিনোদন পুনরায় চালু করা হয়েছে। এখন থেকে প্রতি বছর মানিকগঞ্জবাসীর জন্য এই ধরনের আয়োজন করা হবে। নৌকা বাইচ কেবল একটি খেলাই নয়, এটি আমাদের সংস্কৃতির অন্যতম অনবদ্য প্রাণস্পন্দন যা নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, কালিগঙ্গার দুই পাড়ে অসাম্প্রদায়িকতার এক চমৎকার মিলনমেলা বসেছে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই।

নৌকা বাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ. ত. ম. জহীর আলম খান লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০