কুয়াকাটা জমি দখল দায়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমি দখল এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো গুরুতর অভিযোগে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের যৌথ স্বাক্ষরে এই কারণ দর্শানোর নোটিশটি জারি করা হয়। নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা একটি বিতর্কিত জমির বিষয়ে ক্ষমতার অপব্যবহার ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ উঠেছে মতিউর রহমানের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে একটি নোটিশ জারি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দলীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীসহ উপস্থিত হতে বলা হয়েছিল। সেখানে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে একতরফা সিদ্ধান্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের বিচারিক প্রক্রিয়া পরিচালনাকে জেলা বিএনপি বেআইনি এবং দলীয় নীতিমালার চরম পরিপন্থী বলে মনে করছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে জেলা বিএনপির নোটিশে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত বিএনপি নেতা মো. মতিউর রহমান জানান, কুয়াকাটা পৌরসভায় বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ ভুক্তভোগী মানুষ প্রায়ই আইনি ও সামাজিক সহায়তার জন্য বিএনপির কার্যালয়ে আসেন। তবে সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি তাকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, এটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে এবং তিনি যথাসময়ে নোটিশের জবাব দেবেন।
১২০ বার পড়া হয়েছে