কুড়িগ্রাম সীমান্তে ৫ কোটি টাকার ‘আইস’ ও পিস্তল উদ্ধার করলো বিজিবি
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সন্দেহভাজন এক কেজি ক্রিস্টাল মেথ বা ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের প্রতিহত করতে বিজিবির এই ঝটিকা অভিযান চালানো হয়।
লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে রামখানা বিওপির অধীনস্থ পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সীমান্ত এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে টহলদল।
টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্ত থেকে আসা কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারি তাদের সাথে থাকা ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি এবং এক কেজি ওজনের সন্দেহভাজন ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়া মেনে নাগেশ্বরী থানায় হস্তান্তরের কাজ চলছে। অন্যদিকে, জব্দকৃত মাদকটি আসলেই ক্রিস্টাল মেথ আইস কি না, তা শতভাগ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান সর্বদা অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পলাতক চোরাকারবারিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
১১৬ বার পড়া হয়েছে