পূজায় জমজমাট চাঁপাইনবাবগঞ্জের বাজার, বিপণিবিতানে ভিড়
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা কড়া নাড়ছে দুয়ারে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ার আগেই চাঁপাইনবাবগঞ্জের বিপণিবিতানগুলোতে শুরু হয়ে গেছে জমজমাট বিকিকিনি। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রতিটি মার্কেটেই এখন উপচে পড়া ক্রেতাদের ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি থাকলেও চাঁপাইনবাবগঞ্জ জুড়ে বইছে উৎসবের আগাম হাওয়া। শহরের প্রধান প্রধান বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাকের দোকানগুলোতে পা ফেলার জায়গা মিলছে না।
সরেজমিনে শহরের নিউমার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স, ক্লাব সুপার মার্কেট ও সেন্টু মার্কেট ঘুরে দেখা যায়, পূজার নতুন পোশাকে ছেয়ে গেছে প্রতিটি দোকান। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যবসায়ীরা বাহারি আলো ও নান্দনিক সাজে সাজিয়েছেন তাদের দোকানগুলো। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে এই কেনাকাটার ধুম।
শহীদ সাটু কমপ্লেক্সের ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী পলাশ সিংহ জানান, পূজা উপলক্ষে সব বয়সের ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে এবার চমৎকার সব পোশাকের কালেকশন আনা হয়েছে। এ বছর মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন আধুনিক ডিজাইনের সালোয়ার-কামিজ। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ঐতিহ্যবাহী পাঞ্জাবি, ফতুয়া এবং প্যান্ট-শার্টের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
পোশাকের পাশাপাশি সমানতালে বিক্রি হচ্ছে মেয়েদের সাজগোজের প্রসাধনী সামগ্রীও। চুড়ি, সিঁদুর, বিভিন্ন নকশার জুয়েলারি এবং ম্যাচিং জুতো ও স্যান্ডেলের দোকানেও ভিড় করছেন নারীরা। উৎসবের আমেজকে রাঙিয়ে তুলতে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না তারা।
বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম নাগালের মধ্যেই রয়েছে। ব্যবসায়ীরাও আশা প্রকাশ করছেন যে, পূজার দিন যত ঘনিয়ে আসবে, বেচাকেনার এই উৎসবমুখর আমেজ আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
১১৯ বার পড়া হয়েছে