মোংলায় নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, নৌপুলিশের উদাসীনতায় ক্ষোভ
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির দীর্ঘ ৪৮ ঘণ্টা পর ভেসে ওঠা এই লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তবে চাঞ্চল্যকর এই দুর্ঘটনার বিষয়ে মোংলা নৌপুলিশের ওসির চরম উদাসীনতা ও অজ্ঞতা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত জেলের নাম মোস্তফা মাঝি (৪৭)। তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলার রঘুনাথপুর শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। গত ১ অক্টোবর রাতে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে নৌকাডুবির এই ঘটনা ঘটে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, পিরোজপুর থেকে আসা একদল জেলে পশুর চ্যানেলে নোঙর করা তিনটি কার্গো জাহাজের পাশে নদীতে ইলিশ শিকার করছিলেন। ওই সময় নদী অত্যন্ত উত্তাল থাকায় তীব্র স্রোতে তাদের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবাহী লাইটার জাহাজের নিচে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্য দুই জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মোস্তফা।
দীর্ঘ সময় পার হলেও নৌপুলিশ উদ্ধার অভিযানে এগিয়ে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। পরে শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পশুর নদীতে মরদেহটি ভেসে উঠলে জেলেরা তা উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে নদীর বুকে এত বড় একটি দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হলেও এ বিষয়ে কিছুই জানতেন না মোংলা চাদঁপাই নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান। গণমাধ্যমকর্মীদের সামনে এ নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি তিনি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখে ওসির অবহেলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
১৩৬ বার পড়া হয়েছে