সাইন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ সংঘর্ষ
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ। আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও আহত হওয়ার দাবি করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সাইন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব হয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। পরে এ খবর পেয়ে তাঁরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করেন। কী কারণে এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তাঁদের কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করেন তিনি।
ওই শিক্ষার্থী আরও বলেন, তাঁরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
অধ্যক্ষ আরও বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষার্থীরা যাতে সংঘর্ষে না জড়ান, সে জন্য কলেজের শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
১২২ বার পড়া হয়েছে