মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, ৮ জন আটক
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) ও বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
মিরপুর থানা-পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত দুইটার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তাঁরা হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তাঁরা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাঁদের আটক করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
১০৯ বার পড়া হয়েছে