তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার তেরখাদা উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে মাফিক সরদার নামে এক স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। শনিবার রাত ১১টার দিকে তিনি মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তেরখাদা থানার পরিদর্শক কবির আহমেদ জানান, ভিকটিম ঘটনাস্থলে পৌঁছামাত্রই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তার বাম হাত, বাম পা এবং কোমরে তিনটি গুলি লেগেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১০৬ বার পড়া হয়েছে