মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮১
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের মণিপুর রাজ্যে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ১৮১ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ১৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, অসুস্থ ব্যক্তিদের যে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি সেসব হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এক্সে দেওয়া পোস্টে খেমচাঁদ ইউমনাম লেখেন, উভয় হাসপাতালের কর্তৃপক্ষকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানলের বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লক্ষণ দেখা গেছে। মিথানল একধরনের বিষাক্ত রাসায়নিক, যা পানীয় হিসেবে গ্রহণ করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে, ঘটনাস্থল যে জেলায় অবস্থিত, সেখানে প্রয়োজনীয় ওষুধপত্রসহ একটি বিশেষ চিকিৎসক দল পাঠিয়েছে রাজ্য সরকার। ওই দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলায় এই দল কাজ করছে।
১০৬ বার পড়া হয়েছে