মোংলায় সক্রিয় ইয়াবার ভয়াল নেটওয়ার্ক, অধরা মূল হোতা কবির
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা পৌর শহরে প্রকাশ্যে বিস্তৃত হয়েছে ইয়াবা চোরচালানের নেটওয়ার্ক। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নদীর জলপথ থেকে শুরু করে শহরের গলি পর্যন্ত কবির নামে এক ব্যক্তি মাদকের সাম্রাজ্য পরিচালনা করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পৌর শহরের আবসার উদ্দিন সড়কের বাসিন্দা কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। শহরের কুমারখালী, কমলার মোড়, জয়বাংলা, আনসার ক্লাব ও ছাড়াবাড়িসহ বিভিন্ন এলাকায় তাঁর মাদকের হাত বিস্তৃত। এছাড়া বিদেশি জাহাজ থেকে পাচার হয়ে আসা হুইস্কিও তিনি বেচাকেনা করেন বলে অভিযোগ রয়েছে।
মাদ্রাসা রোড এলাকার ব্যবসায়ীদের দাবি, কুমারখালীর ভাঙার মাথা পর্যন্ত ২০ থেকে ২৫ জন খুচরা বিক্রেতা ছদ্মনামে সক্রিয়। একাধিক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তির মাধ্যমে একযোগে ১০০ থেকে ৫০০ পিস পর্যন্ত ইয়াবা পাইকারি ও খুচরা লেনদেন হয়। নদীপথে কার্গো জাহাজের নাবিকদের কাছে মাদক পৌঁছে দিতে একটি বিশেষ ট্রলার ব্যবহার করারও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত কবিরের বিরুদ্ধে স্থানীয় রাজনীতিকদের আশ্রয়ে থাকার কথা বলা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম জানান, তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিস্তার রোধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
১০৫ বার পড়া হয়েছে