হিলিতে বর্ণাঢ্য আয়োজনে 'সাপ্তাহিক আলোকিত সীমান্ত'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে স্থানীয় সাপ্তাহিক সংবাদপত্র 'আলোকিত সীমান্ত'-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে এক প্রীতি মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান।
শনিবার বিকেলে হিলি বাজারে অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই শুভক্ষণে স্থানীয় রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রেস ক্লাবের সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বাদশাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। দীর্ঘ দেড় দশক ধরে নানামুখী প্রতিকূলতা পেরিয়ে পত্রিকাটি যেভাবে পাঠকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে অতিথিদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
১০৫ বার পড়া হয়েছে