গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। আজ রোববার শুরু হওয়া দুই দিনের এ বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় এবং পানি পরিমাপ ও পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে।
রাজধানী ঢাকায় আজ রোববার বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শুরু হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদলের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি করার বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
দুই দেশের সম্মতিতে প্রণীত যৌথ নদী কমিশনের বিধিমালা এবং ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টন-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য গঙ্গার পানিপ্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে আছে। এতে দেশের কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
এ পরিস্থিতিতে ভবিষ্যতে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করা হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি শর্ত যুক্ত করার দাবি জোরালো হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে এ ধরনের নিশ্চয়তা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৬ সালের চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশ ১০ দিন পরপর পানিপ্রবাহের হিসাব অনুযায়ী ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে