গ্রামীণ জনপদের নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের চালিকাশক্তি: তথ্য প্রতিমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইলে গ্রাম পুলিশদের সাথে এক দিকনির্দেশনামূলক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের মূল চালিকাশক্তি। তিনি সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গ্রাম পুলিশ সদস্যেরা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। সঠিক তথ্য সরবরাহ করে বড় ধরনের অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রাম পুলিশদের আরও সজাগ থাকার নির্দেশ দেন।
গ্রাম পুলিশদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন সবসময় তাদের যেকোনো ন্যায্য প্রয়োজনে পাশে থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে