সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় কৃষকদলের কার্যালয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুন্সি আব্দুর রহমান এর আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মুন্সি আব্দুর রহমান অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে নলকোলা গ্রামে অবস্থিত ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর করা হয়। তাঁর দাবি, ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি রুহুল আমিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়।

মুন্সি আব্দুর রহমান বলেন, ঘটনার পর কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে পরামর্শ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় (ইবি থানা) অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই দিনই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, হামলার পর বিএনপির নেতাকর্মীরা একত্রিত হলে রুহুল আমিন ও তাঁর লোকজন মামলা থেকে বাঁচতে নিজেরাই রুহুল আমিনের বাড়িতে আগুন দেন। পরে বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ওই মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুন্সি আব্দুর রহমান বলেন, প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। একই সঙ্গে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব মো. সেলিম রেজা, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিরুল ইসলাম, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০