বোয়িংয়ের থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ও তুরস্কের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টিকে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দুই দেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার ঘোষণাকে যুক্তরাষ্ট্রের উৎপাদন ও রপ্তানি খাতের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেন।
বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
অন্যদিকে, গত বুধবার বোয়িং জানায়, তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস ১০০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, তুরস্ক ও বাংলাদেশ মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য দপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রি থেকে পাওয়া আয় এবং বড় পরিমাণের মার্কিন রপ্তানি যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি আরও বলেন, বোয়িং ও তিনি যে বিষয়টি সব সময় জানতেন, বাজার এখন সেটিই স্বীকার করছে। ট্রাম্পের ভাষায়, ‘আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।’
পোস্টের শেষে বোয়িং এবং প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট।
১২১ বার পড়া হয়েছে