নাটোরে ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই গ্রামের বেশ কয়েকজন আহত হন। আহতদের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আহত ব্যক্তিদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে