মোংলায় মোবাইলে ভুয়া বিয়ের ফাঁদ: সৌদি প্রবাসীর লাখ লাখ টাকা আত্মসাৎ
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের অভিনয় ও মুঠোফোনে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোংলার এক তরুণীর বিরুদ্ধে। এই প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত কুমিল্লার প্রবাসী জাফর এখন আইনি প্রতিকার পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। উপকূলীয় অঞ্চলে সক্রিয় এই সংঘবদ্ধ চক্রের এমন কর্মকাণ্ডে স্থানীয় প্রবাসীদের পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী জাফর জানান, মোংলা পোর্ট পৌরসভার পূর্ব কবরস্থান রোডের বাসিন্দা এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর প্রথম পরিচয় হয়। পর্যায়ক্রমে তা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নিয়মিত কথোপকথনে রূপ নেয় এবং দীর্ঘ দুই বছর তাদের এই সম্পর্ক বজায় থাকে। একপর্যায়ে কাজী ডেকে ভিডিও কলের মাধ্যমে ভুয়া বিয়ের নাটক সাজায় অভিযুক্ত তরুণী।
বিয়ের দোহাই দিয়ে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে ওই তরুণী প্রবাসীর কাছ থেকে দফায় দফায় টাকা চাইতে শুরু করেন। সরল বিশ্বাসে প্রবাসী জাফরও বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রায় ৪ লাখ টাকা পাঠান। কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই তরুণীর আচরণ সম্পূর্ণ বদলে যায়।
বিগত দুই মাস ধরে ওই তরুণী প্রবাসীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উল্টো হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী। প্রতারণার বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরে তিনি এখন আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, মোংলা বন্দর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় রয়েছে, যারা মূলত সহজ-সরল প্রবাসীদের টার্গেট করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করছে। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িত প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫১ বার পড়া হয়েছে