কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপ্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে প্রতিযোগিতার ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুর ৩টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। আগামী দিনগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের খেলাধুলার আয়োজনেরও আশ্বাস দেন তিনি।
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কুষ্টিয়া জেলার সাতটি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নেয়।
চূড়ান্ত পর্বের ম্যাচে পুরুষ বিভাগে ভেড়ামারা থানা দলকে হারিয়ে কুমারখালী থানা দল চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগে কুষ্টিয়া মডেল থানা দলকে হারিয়ে কুমারখালী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
১৫১ বার পড়া হয়েছে