জমকালো আয়োজনে পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। "এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস" প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের ডিন এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পাবনা ইউনিটের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার ফয়সাল ইকবাল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পাবনা ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার মুস্তাফিজুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার জাহাঙ্গীর আলম খন্দকার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক। বক্তারা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ ফার্মাসিস্টদের প্রয়োজনীয়তা এবং ওষুধ শিল্পের বিকাশে তাদের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন।
১২৪ বার পড়া হয়েছে