সর্বশেষ

জাতীয়

বাস ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিজেলের দাম বৃদ্ধি ও পরিবহন পরিচালন ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ডিজেলের মূল্যবৃদ্ধির পর দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি বুধবার প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

অন্যদিকে, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতো ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর ঘোষণা দেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০