পেনাল্টি মিস ও লাল কার্ডের ম্যাচ, ড্র করল ফকিরেরপুল ও ফর্টিস এফসি
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলে নাটকীয় এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি ও ফকিরেরপুল। লাল কার্ডের ধাক্কা, পেনাল্টি মিস এবং শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
গোপালগঞ্জের সবুজ গালিচায় মঙ্গলবার ফেড কাপের এই জমজমাট লড়াইয়ে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ১১ মিনিটেই ফর্টিস এফসিকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড ইনসান হোসাইন। চমৎকার এক আক্রমণে ফকিরেরপুলের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়ান তিনি।
এক গোল পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফকিরেরপুল। তবে ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় দলটি। ফর্টিসের এক খেলোয়াড়কে ফাউল করার অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার হৃদয় হাওলাদার। ফলে ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় ফকিরেরপুলকে।
১০ জনের দল নিয়েও প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ফকিরেরপুল। ৪৩ মিনিটে ডি-বক্সের ভেতরে ফাউল হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ফরোয়ার্ড উয়াত্তারা বিন ইব্রাহিম স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর গোল শোধের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালাতে থাকে ফকিরেরপুল। অবশেষে ৭২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। তামিম হোসাইন অনিকের নেওয়া একটি কর্নার কিক ফর্টিসের গোলরক্ষক মেহেদী হাসান রব্বানী প্রতিহত করতে গেলে বল তার হাতে লেগে সরাসরি জালে জড়ায়। এই আত্মঘাতী গোলেই সমতায় ফেরে ফকিরেরপুল। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
১০৭ বার পড়া হয়েছে