সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবা ও দুই বোনকে কুপিয়ে জখম
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের রাজৈরে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় মা-বাবা ও দুই বোনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের দুই ছেলের পাশাপাশি ছেলের স্ত্রীদেরও অভিযুক্ত করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত হাছেন খানের ছেলে রজব আলী খান (৬৫), তাঁর স্ত্রী পারুল বেগম (৫৫) এবং দুই মেয়ে রেশমা বেগম (৩৮) ও রিক্তা আক্তার (২৮)। পরে রাত ৭টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় রজব আলী খানের দুই ছেলে জহিরুল ইসলাম খান ও নজরুল খান এবং তাঁদের স্ত্রী হালিমা ও রুনা বেগম বাড়ির ২৪ শতাংশ জমি নিজেদের নামে লিখে দেওয়ার দাবি জানান। তবে এতে রাজি হননি রজব আলী খান।
এ নিয়ে একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তখন দেশীয় অস্ত্র দিয়ে রজব আলী খান, তাঁর স্ত্রী পারুল বেগম ও দুই মেয়ে রেশমা এবং রিক্তাকে মাথা ও হাতের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। তাঁদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে। এ ঘটনায় রাজৈর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
আহত পারুল বেগম বলেন, ‘আমার ও আমার স্বামীর নামে ২৪ শতাংশ জমি আছে। সেগুলো ছেলেদের নামে লিখে দেওয়ার জন্য অনেক দিন ধরেই তারা মারধর করে আসছে। ওই বিষয় নিয়ে আমার দুই মেয়ে বাড়িতে এলে তাদের ওপরও চাপ সৃষ্টি করে ছেলেরা। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমাদের চারজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে। এমন ছেলেদের বিচার না হলে আমাদের বাঁচতে দেবে না। আমরা তাদের বিচার দাবি করি।’
ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ছেলে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সম্পত্তির জন্য বৃদ্ধ বাবা-মাকে এভাবে রক্তাক্ত করা ঠিক হয়নি। আহত ব্যক্তিরা মামলা করলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।’
১০৪ বার পড়া হয়েছে