আগুন-সন্ত্রাসের ইতিহাস আওয়ামী লীগের, দাবি সমাজকল্যাণমন্ত্রীর
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ইতিহাস আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ১৯৭২ সাল থেকেই এসব কর্মকাণ্ডে দলটি সিদ্ধহস্ত। আগুন-সন্ত্রাস, সহিংসতা ও মানুষ হত্যার রাজনীতির সঙ্গে কারা জড়িত, তা দেশের মানুষ জানে।
হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা আগুন-সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে এবং কারা লাশের রাজনীতি করছে, তা দেশের ইতিহাস থেকেই স্পষ্ট। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অতীত সম্পর্কে জনগণের জানা রয়েছে।
অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এ ছাড়া ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। অথচ এসব ঘটনার বিষয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই, মানুষের প্রতিও কোনো সহমর্মিতা নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি পক্ষ আবারও পুরোনো কায়দায় শক্তি প্রয়োগ করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ তাদের সেই চেষ্টা প্রতিহত করেছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মানুষ যেভাবে নিজেদের মতামত প্রকাশ করেছে, ভবিষ্যতেও গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় একইভাবে ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার আসামি হয়েও যারা উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে ও দিবাস্বপ্ন দেখছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।
বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, দলটি সব সময় জনগণের পাশে থেকেছে। বিএনপি কখনো জনগণের প্রতিপক্ষ হয়ে রাজনীতি করেনি। পলাতক স্বৈরাচারিনীর মতো লাশের রাজনীতিতেও দলটি বিশ্বাস করে না। জনগণের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি সব ধরনের অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকার। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে