সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বই মানুষের উত্তম সঙ্গী। বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তার জগৎ সমৃদ্ধ হয়, বাড়ে জ্ঞান ও অভিজ্ঞতা। তবে স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়ায় শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার প্রবণতা কমছে। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতার বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬-এর উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, সাহিত্য পাঠ মানুষের একাকিত্ব দূর করার পাশাপাশি চিন্তার জগৎ সমৃদ্ধ করে। জীবনের বিভিন্ন পরিস্থিতি উপলব্ধি করতেও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় এ বইমেলা। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ। স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে নিজেদের চিন্তা ও অভিজ্ঞতার আলোকে লেখার সুযোগ রয়েছে। নিয়মিত বই পড়ার অভ্যাস তাদের লেখার দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভাষার ব্যবহারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাহিত্য থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের নিজস্ব লেখনীকে আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা যেমন প্রয়োজন, তেমনি মানসিক বিকাশ ও মননশীলতা বৃদ্ধিতে বই পড়ার গুরুত্ব অপরিসীম। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়া উচিত।

প্রকাশনা শিল্পের মানোন্নয়নের বিষয়ে প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে এস এম হুমায়ুন কবির সরকার বলেন, বইয়ের কাগজ, বাঁধাই ও মুদ্রণের গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বইয়ের অক্ষর ও ফন্ট পাঠযোগ্য রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। নকল, নিম্নমানের ও অবৈধভাবে প্রকাশিত বইয়ের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

বইমেলার আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা গেলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও নিশ্চিত করা সম্ভব হবে।

বিভাগীয় কমিশনার শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে বইমেলায় আসার, বই দেখা ও কেনার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দপ্তরের প্রতিনিধিরা, শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০