সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে উদ্বোধনী ফলকে কমিশনারের পাশে স্ত্রীর নাম, সমালোচনায় অপসারণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ঐতিহ্য’ নামে একটি স্থাপনার উদ্বোধনী ফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নাম রাখায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে ফলকটি সরিয়ে ফেলা হয়। পরে কোনো নামফলক ছাড়াই স্থাপনাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ঐতিহ্য’ নামে একটি স্থাপনার উদ্বোধনী ফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে তাঁর স্ত্রীর নাম উল্লেখ করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পরপরই ফলকটি সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিঞা স্থাপনাটির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় উপজেলা পরিষদ চত্বরে পড়ে ছিল। গাড়িটির ঐতিহাসিক গুরুত্ব ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সেটি সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ জন্য গাড়িটি রং করে রাখার ব্যবস্থা করা হয় এবং নির্মাণ করা হয় একটি টিনশেড। স্থাপনাটির নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে নরসিংদী জেলা সফরে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র, অফিসার্স ক্লাব ও সেবাপ্রত্যাশীদের জন্য নির্মিত বিশ্রামাগার উদ্বোধনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। বিকেলে তিনি শিবপুর উপজেলা পরিষদ পরিদর্শনে যান।

সেখানে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রয়োজনীয় মালামালসহ মুদি দোকান প্রদান, ‘ঐতিহ্য’ নামের গাড়ি রাখার টিনশেড উদ্বোধন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।

তবে ‘ঐতিহ্য’ স্থাপনার উদ্বোধনী ফলকে উদ্বোধক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার নামের পাশাপাশি উপস্থিত ছিলেন হিসেবে তাঁর স্ত্রী মিজ সোনিয়া হালিমের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া পরিকল্পনায় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নাম ছিল। বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নাম উল্লেখ করায় স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় পরে ফলকটি সরিয়ে ফেলা হয়। কোনো নামফলক ছাড়াই স্থাপনাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন বলেন, ‘ফলকে ভুলক্রমে নামটি লেখা হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা হতে পারে বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ফলকটি সরিয়ে ফেলা হয়। এই ফলক ছাড়াই বিভাগীয় কমিশনার স্যার উদ্বোধন করেন।’

তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারের স্ত্রী কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেননি। তিনি শুধু তাঁর স্বামীর সঙ্গে শিবপুরে বেড়াতে এসেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পুরোনো গাড়িটির স্মৃতি সংরক্ষণের জন্য সেটি রং করে শেডে রাখা হয়েছে। গাড়িটি ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০