নরসিংদীর শিবপুরে বাড়ি থেকে বের হতেই কাঠুরিয়াকে গুলি করে হত্যা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে বংপুর গ্রামে মো. আলম মিয়া (৩০) নামের এক কাঠুরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া শিবপুরের বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় তিনি বাজার যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। বাড়ীর অদূরে পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা চালায়। নিহতের ঘাড়ের পেছনে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মান্নান মিয়া অভিযোগ করেছেন যে, প্রতিবেশী অনিক মিয়ার সঙ্গে তাদের আগে থেকেই শত্রুতা ছিল। গত সোমবার অনিক মোবাইল ফোনে আলম ও তাকে যেখানে পাবে সেখানেই গুলি করে হত্যার হুমকি দেয়। সেই হুমকির ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে তারা এর সুষ্ঠু বিচার চেয়েছেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
১০৪ বার পড়া হয়েছে