চার্জশিট দাখিলের পরও বাড়ি ফিরতে পারছে না আলমাসের পরিবার
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের জাজিরায় আলমাস সরদার হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে তাঁর পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তবে অভিযোগপত্র দাখিলের পরও নিজেদের বসতবাড়িতে ফিরতে পারছেন না নিহত আলমাসের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে বাড়িছাড়া অবস্থায় থাকা পরিবারটি হত্যার সুষ্ঠু বিচার এবং নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চেয়েছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবরকান্দি গ্রামে পূর্বশত্রুতার জেরে ২০২৫ সালের ২৬ আগস্ট সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের রাতে আলমাস সরদার নিহত হন। পরে হত্যার ঘটনা আড়াল করতে তাঁর মরদেহ শওকত সরদারের বাড়ির পেছনের একটি খালি ভিটায় মাটিচাপা দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
আলমাস হত্যাকাণ্ডের পর তাঁর স্বজনেরা অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ছাগলের খামারসহ প্রায় দেড় কোটি টাকার সম্পদ লুট করা হয়। পরিবারের বৃদ্ধা মা ও বোনকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। নারী ও শিশুদেরও বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, প্রাণনাশের আশঙ্কায় তাঁরা এক কাপড়ে বাড়ি ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। নিরাপত্তাহীনতার কারণে নিহত আলমাসের জানাজায়ও অংশ নিতে পারেননি স্বজনেরা। ঘটনার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা নিজেদের বাড়িতে ফিরতে পারেননি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল কয়েকজন ব্যক্তিকে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সময়কার ওই ভিডিও প্রতিবেদকের হাতেও এসেছে। পরিবারের দাবি, ভিডিওতে তাঁদের বাড়ির মালামাল লুটের দৃশ্য দেখা গেছে।
নিহত আলমাসের মা ময়না বেগম বলেন, একসময় যে উঠান তাঁর ছেলে ও নাতি-নাতনিদের পদচারণায় মুখর থাকত, সেখানে এখন তাঁদের কেউ নেই। ছেলেকে হত্যার পর বাড়িঘর লুট করে তাঁদের এলাকাছাড়া করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বাড়ির বাইরে অবস্থান করছেন। এখন বিচার শুরু হওয়ার আগেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আলমাস হত্যা মামলার বাদী ও নিহতের বড় বোন লিপি বেগম বলেন, ২৬ আগস্টের পর প্রাণভয়ে তাঁরা ঢাকায় চলে আসেন। এমনকি ভাইয়ের জানাজায়ও উপস্থিত হতে পারেননি। অথচ মামলায় অভিযোগ করা হয়েছে, তাঁরা ৪ সেপ্টেম্বর এলাকায় গিয়ে লুটপাট করেছেন।
লিপি বেগমের প্রশ্ন, যাঁরা প্রাণভয়ে এলাকাছাড়া, তাঁরা কীভাবে সেখানে গিয়ে হামলা ও লুটপাট করবেন? বিচার কার্যক্রম শুরুর আগেই তাঁদের হয়রানি এবং বাড়িছাড়া করে রাখার উদ্দেশ্যে পাল্টা মামলাটি করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে আলমাসের পরিবারের সদস্যরা খবির সরদারকে হত্যা করেছেন—এমন অভিযোগে জাহানারা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন। তবে লুটপাটের বিষয়ে জানতে চাইলে জাহানারা বেগম বলেন, কারা লুট করেছে, তা তিনি দেখেননি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, আলমাস সরদার হত্যা এবং পরবর্তী সময়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অন্য যে মামলাটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটির তদন্তেও সঠিক প্রতিবেদন দেওয়া হবে। কাউকে হয়রানি করার সুযোগ নেই।
শরীয়তপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান দিপু বলেন, আদালত আলমাস হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিচার শিশু আইনে পরিচালিত হবে। এ কারণে মামলার বিচারপ্রক্রিয়ায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
১০৪ বার পড়া হয়েছে