খুলনায় ১০ ঘণ্টার ব্যবধানে পাঁচ স্থানে গুলিবর্ষণ, নিহত ১
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীতে এক রাতের ব্যবধানে পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আব্দুল হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি, পরিবহন ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং বিভিন্ন এলাকায় লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুলনা নগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এক দিনেই পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নিহত হয়েছেন। অন্য চারটি ঘটনায় লক্ষ্য করে গুলি ছোড়া হলেও কেউ হতাহত হননি। এসব ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন ঠিকাদার।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্নুর চায়ের দোকানের পাশে একটি ক্যারম খেলার আসর লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের স্লুইসগেটের পূর্ব পাশে ক্যারম খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে সেখানে থাকা যুবকেরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের লক্ষ্য করে আরও তিন রাউন্ড গুলি ছোড়া হয়। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। রেস্টুরেন্টের মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজেদের খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের লোক পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ ওই টাকা দিতে অপারগতা জানালে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর রাতেই রেস্টুরেন্ট বন্ধ করে কর্মীরা বাড়ি চলে যান।
মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। তবে বিকেলে দুর্বৃত্তরা বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। এতে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। গুলিটি ওপরের সাইনবোর্ডে লাগে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন নামের এক ব্যক্তি দীর্ঘদিন টুটুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বাড়িভাড়া নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে ফাঁকা গুলি ছোড়ে।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল জানান, টুটুলের বাড়িতে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর থানার বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একই দিনে নগরীর পাঁচটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে হামলাগুলো হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।
১০৭ বার পড়া হয়েছে