নড়াইলে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন সাত শতাধিক রোগী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন সাত শতাধিক রোগী। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জনকে ওষুধ ও ৩০০ জনকে চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি ১১০ জন ছানি রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। তাঁদের মধ্যে ৫০ জনকে অস্ত্রোপচারের জন্য খুলনায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খাশিয়াল ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ বিনা মূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে খুলনার রূপসা উপজেলার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল।
হাসপাতালের চিকিৎসক মনোজ দাসের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। দলের সদস্যদের মধ্যে চিকিৎসক, কর্মকর্তা ও কারিগরি কর্মীরা ছিলেন।
চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে খাশিয়াল ইউনিয়নসহ নড়াইলের বিভিন্ন এলাকা থেকে অসচ্ছল ও অসহায় মানুষ চিকিৎসা নিতে আসেন। সকাল থেকেই শুরু হয় চিকিৎসা কার্যক্রম। রোগীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে চিকিৎসকদের পরামর্শ নেন।
চিকিৎসা নিতে আসা খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দীপালি দাস জানান, পাঁচ বছর ধরে তিনি চোখের সমস্যায় ভুগছেন। বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার খবর পেয়ে তিনি ক্যাম্পে এসেছেন। এর আগেও একবার এখানে চিকিৎসা নিয়ে উপকার পেয়েছিলেন।
পাশের গাছবাড়িয়া গ্রামের মুন্সি জাহিদুর রহমানসহ কয়েকজন রোগী জানান, তাঁরা ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা পেয়েছেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমাও দেওয়া হয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে তাঁদের মতো অসচ্ছল অনেক মানুষ উপকৃত হবেন।
ক্যাম্পের আয়োজক খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ জানান, ২০১০ সাল থেকে এ পর্যন্ত তিনি মোট ১২টি বিনা মূল্যের চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার নিয়ে তৃতীয়বারের মতো চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, তাঁর পক্ষ থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। অন্যদিকে ছানি রোগীদের অস্ত্রোপচার, যাতায়াত, থাকা ও খাওয়ার যাবতীয় ব্যয় বহন করবে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। তিনি বলেন, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে।
১০৪ বার পড়া হয়েছে