১৮ বছর পর পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজি
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়ে জীবনের দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটাতে হয়েছে মোংলার বাদল ফরাজিকে। নামের মিলের কারণে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ভারতে ১০ বছর এবং পরে বাংলাদেশে আরও আট বছর কারাভোগ করেন তিনি। অবশেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাঁকে মোংলায় নিজ বাড়িতে নেওয়া হচ্ছে।
ভারতের আগ্রার বিখ্যাত তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ২০০৮ সালে দেশটিতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। তখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পর্যটক ভিসা নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরই ঘটে বিপত্তি। একটি হত্যা মামলায় আসামির নামের সঙ্গে মিল থাকায় তাঁকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, ভারতে এক বৃদ্ধকে হত্যার মামলায় পলাতক আসামি ছিলেন বাদল সিং। নামের মিল থাকায় সেই মামলায় জড়িয়ে পড়েন মোংলার বাদল ফরাজি। পরে ভারতের আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। এরপর দীর্ঘ ১০ বছর ভারতের কারাগারে কাটাতে হয় তাঁকে।
পরবর্তী সময়ে দুই দেশের বন্দী স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফেরার পরও মুক্তি মেলেনি তাঁর। বাংলাদেশের কারাগারেও আরও আট বছর সাজা ভোগ করতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে জীবনের ১৮টি বছর কেটেছে কারাগারে।
অবশেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে মোংলায় নিয়ে আসা হচ্ছে।
পথে তাঁকে প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হবে। সেখান থেকে পরে মোংলায় নিজের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
দীর্ঘ ১৮ বছর পর বাদলের ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিশেষ করে বৃদ্ধ মা ছেলের ফিরে আসার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ বিচ্ছেদের পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পাচ্ছেন বাদল।
১০৩ বার পড়া হয়েছে