১২ দিনে ২৮ লাখ ইনস্টল মেটার মিউজের
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাজারে আসার পর অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজ ২৮ লাখবার ইনস্টল হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোনে মিউজের ইনস্টল সংখ্যা চ্যাটজিপিটির চেয়েও বেশি ছিল।
মিউজের শুধু ইনস্টল সংখ্যাই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও দ্রুত বাড়ছে। তবে এসব তথ্য মেটা বা ওপেনএআইয়ের প্রকাশিত কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান নয়। অ্যাপটোপিয়ার তৃতীয় পক্ষের বিশ্লেষণ ও অনুমানের ভিত্তিতে এসব হিসাব তৈরি করা হয়েছে।
দুই অ্যাপের প্রাথমিক জনপ্রিয়তার তুলনা অবশ্য সরাসরি করা কিছুটা কঠিন। কারণ চ্যাটজিপিটি মুঠোফোনে চালুর সময় এটি বিশ্বজুড়ে শুধু আইফোনে ব্যবহার করা যেত। অন্যদিকে মিউজ এখন আইফোন ও অ্যান্ড্রয়েড—দুই ধরনের মুঠোফোনেই ব্যবহার করা যাচ্ছে। তবে বর্তমানে মিউজ শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।
তুলনাটি কাছাকাছি রাখতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম ১২ দিনের আইফোন ব্যবহারসংক্রান্ত তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ওই সময়ে মিউজ ১৮ লাখবার ডাউনলোড হয়েছে। বিপরীতে চ্যাটজিপিটি ডাউনলোড করা হয়েছিল ১৩ লাখবার।
এ ছাড়া অ্যাপটোপিয়ার হিসাবে, বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরেও অল্প সময়ের মধ্যে অ্যাপটির অবস্থানে পরিবর্তন এসেছে। বাজারে আসার পর এটি সামগ্রিক তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। পরে সেটি উঠে আসে প্রথম অবস্থানে। ওই সময় মিউজের ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায় বলে আরেক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস জানিয়েছে।
দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
শুধু আইফোন ব্যবহারকারীদের হিসাবেও মিউজ এগিয়ে রয়েছে। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের দৈনিক সক্রিয় আইফোন ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার।
তবে অ্যাপটোপিয়ার এসব পরিসংখ্যানকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। কারণ প্রতিষ্ঠানটির কাছে মেটার অভ্যন্তরীণ ব্যবহারকারীসংক্রান্ত তথ্য নেই। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা এসব সংখ্যা অনুমান করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিউজের দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে মেটার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে। মিউজ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করা যায়। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহার করা সম্ভব।
অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রামও ব্যবহার করেন।
মেটা এখন পর্যন্ত মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তৃতীয় পক্ষের প্রাথমিক বিশ্লেষণ বলছে, উন্মোচনের পর অল্প সময়ের মধ্যেই মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে।
১১৮ বার পড়া হয়েছে