সর্বশেষ

জাতীয়

একনেকে উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ১৬টি প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ঢাকার মেট্রোরেল-৫-এর সাউদার্ন রুট। ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’ নামে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

রেল খাতের দুটি প্রকল্পও একনেকের অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণের প্রথম সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা। মূল প্রকল্পের ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় হবে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ ও ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ব্যয় হবে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা।

একনেকের তালিকায় খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরার বিদ্যুৎ বিতরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার তিনটি সংশোধিত প্রকল্পও রয়েছে। তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়নে নেওয়া নতুন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ২৫ লাখ টাকা।

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের সময়ে এটি সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে। এর আগে গত ১৩ মে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন পেলে ব্যয়ের আকারের দিক থেকে এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০