সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল: আজহারুল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল। বিএনপি সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদে যোগ না দেওয়াকে জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফলের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জনদাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। বিশাল এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ এই দাবির পক্ষে রায় দিয়েছে। কিন্তু জনগণের প্রত্যাশা পূরণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কিছুটা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। তবে দেশের মানুষকে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দিকে যেতে দেওয়া হবে না। এভাবে চলতে থাকলে জনগণ আবারও জুলাই অভ্যুত্থানের মতো তীব্র গণআন্দোলনে নামতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, অতীতে জিয়াউর রহমান কিংবা এরশাদও গণভোটের রায় বাস্তবায়ন করেছেন, কিন্তু বর্তমান সরকারের সময়ে তার ব্যত্যয় ঘটছে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহীনুর আলম এবং সেক্রেটারি জাহিদুল ইসলাম।
১০৭ বার পড়া হয়েছে