মুন্সীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী সুমন সরকারকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার একটি বসতঘর থেকে রিনা বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তাঁর স্বামী পেশায় রঙমিস্ত্রি সুমন সরকার (৪০) পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে তদন্তে নামে গজারিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে প্রায়শই তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দিন রাতে খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন ক্ষুব্ধ হয়ে স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন।
পুলিশ আরও জানায়, ওই দিন রাতে রিনা বেগম তাঁর মেয়ের সাথে ছোট ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে সুমন ঘুমন্ত স্ত্রীর ঘরে প্রবেশ করে গলা চেপে ধরে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। হত্যার পর ভোরে স্থানীয় মসজিদে নামাজ পড়ে তিনি কুমিল্লার দিকে পালিয়ে যান। দিনভর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার পর রাতে ঢাকায় ফেরার পথে পুলিশের জালে ধরা পড়েন তিনি।
১২৪ বার পড়া হয়েছে