সকালে বৃষ্টিতে ভোগান্তি রাজধানীর বিভিন্ন এলাকায়
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার সকালে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টার পর শুরু হওয়া বৃষ্টি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। এতে মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছু এলাকায় বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় সড়কে পানি জমে এবং যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এতে অফিসগামী মানুষসহ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়।
এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে