ভালুকায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মালেক পাড়াগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। গত ৬ সেপ্টেম্বর ভোরবেলা বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। জানা গেছে, ঘটনার দিন বাড়ির পাশে তালগাছের নিচে পড়ে থাকা তাল কুড়াতে যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হয়েছিলেন।
বুধবার সকালে নিহতের ছেলে সুজন বাড়ির আশপাশে পুনরায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি ঝোপঝাড়ে ঘেরা পরিত্যক্ত পুকুরের পানিতে তাঁর বাবার মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১৯ বার পড়া হয়েছে