বিরামপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনী তাদের ফেরত নিয়ে যেতে বাধ্য হয়। রোববার রাতে গোবিন্দপুর সীমান্ত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানান, গত রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ২৮৯/৪৬ এস পিলারের কাছে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কাঁটাতারের বেড়া অতিক্রম করে একদল মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর পাঁয়তারা করছিল।
এ সময় স্থানীয় গ্রামবাসীদের চোখে বিষয়টি ধরা পড়লে তারা চিৎকার শুরু করেন এবং একযোগে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। বিএসএফ সদস্যদের ধাওয়া করার পাশাপাশি খবর দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)।
পরবর্তীতে বিজিবি জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং পুশইনের জন্য নিয়ে আসা ১২ থেকে ১৫ জনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
১২৭ বার পড়া হয়েছে