ইরানি তেলবাহী দুই ট্যাংকারে মার্কিন হামলা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের উপকূলীয় এলাকায় দেশটির দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার রাতে চালানো এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। যুদ্ধ শুরুর পর ইরানি কোনো জাহাজে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলার সময় ট্যাংকার দুটির ইঞ্জিন কক্ষে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে অ্যাক্সিওস।
মার্কিন কর্মকর্তাদের একজন অ্যাক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এই নীতির আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
হামলার শিকার ট্যাংকার দুটি ইরানের উপকূলের কাছে মার্কিন বাহিনীর নৌ-অবরোধ এলাকার উত্তরে অবস্থান করছিল। সেখানে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলায় জাহাজ দুটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকমের দাবি, গত কয়েক দিনে ইরানের পক্ষ থেকে ট্যাংকার ও মার্কিন সেনাদের ওপর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
এর পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যাতে নতুন করে রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলতে না পারে, সে লক্ষ্যেও যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তেলবাহী ট্যাংকারে হামলাকে সেই বৃহত্তর কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন স্থাপনা ও অবস্থানে প্রায় ১০০টি হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
১১৯ বার পড়া হয়েছে