ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা: ৩ জন নিহত, আহত ১৬
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেন অতিক্রম করে গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়ক থেকে ছিটকে গিয়ে সার্ভিস লেন পেরিয়ে পাশে পানিভর্তি খাদে পড়ে বাসটি ধুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে ১১ জন গুরুতর আহতকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনায় উদ্ধার হওয়া তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে হাইওয়ে পুলিশের কাছে। ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে, নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের এক ব্যক্তির পরিচয় মিললেও অপর দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
১১৪ বার পড়া হয়েছে