সর্বশেষ

জাতীয়

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি, অপেক্ষা চূড়ান্ত ছাড়পত্রের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ অক্টোবরের দিকে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরুর প্রস্তুতি রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইউনিটটির বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ অক্টোবরের দিকে পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক ছাড়পত্রের ওপর।

এদিকে রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বাংলাদেশ সফররত রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা প্রথম ইউনিটের রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। শুক্রবার ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

প্রথম ইউনিটের কারিগরি অগ্রগতি সম্পর্কে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা ও ফিজিক্স টেস্ট শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার এসব পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদন বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। রুশ প্রতিনিধিদলও সরকারের উচ্চপর্যায়ে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়ের সফলতার বিষয়টি তুলে ধরেছে।

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি ‘সি স্টেজে’ প্রবেশ করবে। এরপর শুরু হবে পাওয়ার স্টার্টআপের কার্যক্রম।

এই পর্যায়ে শুরুতেই সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রতিটি ধাপে পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ধীরে ধীরে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় অনুমোদন গুরুত্বপূর্ণ।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা সম্ভব হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে। সেই লক্ষ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে কি না, তা নির্ভর করছে পাওয়ার স্টার্টআপের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন পাওয়ার ওপর।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০