গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন লাগে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। সবশেষ আরও তিনটি ইউনিট যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা দাঁড়ায় আটটিতে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আরিফুল ইসলাম আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১১২ বার পড়া হয়েছে