শিবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ছয় লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার স্বর্ণকারপট্টি এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের যৌথ দল স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পরিচালিত এই অভিযানে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মো. বশির উদ্দিন, কলাবাড়ী গ্রামের মো. মানিক এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী। তাদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট ছাড়াও নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে