বিদ্যুৎ ও জ্বালানি সংকট জাতীয় সমস্যা, ৬ মাসে তৈরি হয়নি: প্রতিমন্ত্রী নূর
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নূর বলেছেন, বর্তমান সরকার মাত্র ছয় মাসে এসে এই জটিলতা তৈরি করেনি। রোববার দুপুরে পটুয়াখালী ইপিজেড পরিদর্শনকালে তিনি আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশকে একটি উন্নত ও স্থিতিশীল অবস্থানে দাঁড় করাতে সক্ষম হবে বর্তমান সরকার।
পটুয়াখালী ইপিজেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নুরুল হক নূর দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, নীতিগত আলোচনা বাদ দিয়ে বিরোধী দলগুলো যদি রাজপথে আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি করে, তবে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। জুলাই-পরবর্তী সময়ে দেশকে পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, পঁচাত্তর-পরবর্তী অস্থির সময়ে তিনি যেভাবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক একইভাবে বর্তমান সরকারের নেতৃবৃন্দও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে জনগণের কল্যাণ ও বিনিয়োগ নিশ্চিত করতে সরকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করছে।
পররাষ্ট্র নীতির বিষয়ে প্রতিমন্ত্রী নূর দাবি করেন, বর্তমান সরকার ভারতের ওপর একমুখী নির্ভরশীলতা থেকে শক্তভাবে সরে এসেছে। এখন বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক সিদ্ধান্ত নিচ্ছে। ভূ-রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে পায়রা সমুদ্রবন্দর দেশের সবচেয়ে নিরাপদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে ভূমিকা রাখতে পারে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই সেল সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং কল্যাণ নিশ্চিত করাই এই সরকারের মূল অঙ্গীকার।
পরিদর্শনকালে ইপিজেডের পিডিসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
১২২ বার পড়া হয়েছে