সর্বশেষ

সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্যা পরবর্তী পুনর্বাসনসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওর অংশগ্রহণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে একটি পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিধি ও মান আরও বাড়বে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও সমন্বিত উদ্যোগে জনকল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম সার্কিট হাউজে এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসন সহায়তা প্রকল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। ৭ মাস মেয়াদী এই উদ্যোগে এইচএসবিসি ব্যাংক ১০ কোটি টাকা অর্থায়ন করছে। এর মাধ্যমে ৪০০টি পরিবারকে স্যানিটেশন সহায়তা, ৩০টি নলকূপ সংস্কার, ২৫০টি বাড়ি মেরামত এবং ৩০০টি পরিবারকে জীবিকা সহায়তার উপকরণ প্রদান করা হবে।

এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি বিদ্যালয় পুনর্নির্মাণ ও ১০ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে ব্র্যাক। পাশাপাশি কৃষকদের জন্য আধুনিক কারিগরি পরামর্শ সেবা এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে এই উদ্যোগের আওতায়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয়ের তীব্র অভাব ছিল। বর্তমান সরকার সেই দূরত্ব কমিয়ে এনে একটি টেকসই অংশীদারত্ব তৈরি করেছে। তিনি উদাহরণ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের কথা উল্লেখ করে বলেন, কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব ছাড়াই প্রকৃত সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক শরৎ কুমার চৌধুরী এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুবুর রহমান। বিভাগীয় কমিশনার মাঠ পর্যায়ে কাজের সুবিধার জন্য স্থানীয় প্রশাসনের সাথে ব্র্যাককে নিবিড় সমন্বয় রাখার পরামর্শ দেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন