বিএনপির শেকড় জনগণের মাঝে, ধাক্কা দিয়ে সরানোর সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপিকে ধাক্কা দিলেই দলটি চলে যাবে—এমন ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অতীতে যারা বিএনপিকে শেষ করার হুমকি দিয়েছিলেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন। দিনাজপুরের হাকিমপুরে এক রাজনৈতিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া স্কুল মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এখনো বিএনপিকে ক্ষমতা বা শক্তি দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার দুঃস্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির শক্তির উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। কোনো চক্রান্ত করে দলটিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব কখনো দেশের মানুষকে একা ফেলে পালিয়ে যায়নি। তারা রাজপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ভবিষ্যতেও করবেন।
তারেক রহমানের নেতৃত্বের ওপর দেশের মানুষের অবিচল আস্থার কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের সিংহভাগ মানুষ এখন বিএনপির ওপর ভরসা রাখছে। তাই অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ না বাড়িয়ে, নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার জন্য তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে আহ্বান জানান।
মতবিনিময় সভা শুরুর আগে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে