বাসায় খাবার পাঠাতে দেরি হওয়ায় অফিস সহকারীকে পিটিয়ে আহত করল চিকিৎসক
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পরোটা পাঠাতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে তাঁর সহকারীকে নির্মমভাবে প্রহার করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে কলাপাড়ার বেসরকারি ম্যাক্স হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার অধীনে বিগত চার বছর ধরে সহকারী হিসেবে কাজ করে আসছিলেন আহত তরুণী লামিয়া। মঙ্গলবার রাতে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী তিনটি মুঘলাই পরোটা কিনে তা গাড়ি চালকের মাধ্যমে তাঁর বাসায় পাঠান লামিয়া।
তবে গাড়ি চালক পৌঁছাতে কিছুটা দেরি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নারী চিকিৎসক। সহকারী লামিয়া বিলম্বের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করতেই তাঁর ওপর চড়াও হন তিনি। টেবিলের ওপর থাকা কাচের পেপারওয়েট, মোবাইল ফোন এবং হার্ডবোর্ড ছুড়ে মারার পর জুতা দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়।
আহত লামিয়া জানান, ইতিপূর্বেও একাধিকবার উক্ত চিকিৎসক কর্মীদের সাথে অশোভন আচরণ করেছেন। তবে চাকরির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫৫ বার পড়া হয়েছে