বিজয়া দশমীতে গোপালগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জের সাতপাড় ও কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শত বছরের পুরনো এই লোকজ সংস্কৃতি দেখতে মধুমতি ও ঘাঘর নদীর দুই পাড়ে ভিড় করেন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থী।
বুধবার বিকালে সদর উপজেলার সাতপাড়ের মধুমতি নদীতে ২০টি এবং কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীতে ১৫টি বাচারী, ছিপ ও কোষা নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। গোপালগঞ্জ ছাড়াও মাদারীপুর, বরিশাল, খুলনা ও নড়াইলসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই বাইচে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন প্রতিযোগীরা। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ও মাঝিদের হাঁকে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
উৎসবমুখর এই আয়োজন উপভোগ করতে নদীর উভয় পাড়ে জড়ো হন হাজার হাজার লোক। বছরজুড়ে বিভিন্ন পেশায় ব্যস্ত থাকা স্থানীয় বাসিন্দারা এই দিনটিতে নাড়ির টানে গ্রামে ফেরেন এবং গ্রামীণ সংস্কৃতির এই আনন্দ উদযাপনে মেতে ওঠেন।
স্থানীয় তথ্য মতে, প্রায় দেড়শ বছর আগে যশোরের দীঘাপতির জমিদার খাজনা আদায় উপলক্ষে ঘাঘর নদীতে বিজয়া দশমীর দিন মেলার পাশাপাশি নৌকা বাইচের শুভ সূচনা করেছিলেন। সেই ঐতিহ্য অনুসরণ করে আজও সব ধর্মের মানুষের অংশগ্রহণে কোটালীপাড়ায় এই আনন্দ আয়োজন সার্বজনীন রূপ নেয়।
বিশেষ এই নৌকা বাইচে কোনো আনুষ্ঠানিক পুরস্কারের ব্যবস্থা না থাকলেও শতবর্ষের এই গ্রামীণ লোকজ ঐতিহ্য রক্ষায় ও টিকিয়ে রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
১৭৩ বার পড়া হয়েছে