কুষ্টিয়ায় গাছ ফেলে পূজামণ্ডপগামী যানবাহনে ডাকাতি, স্বর্ণালংকার লুট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পূজামণ্ডপে যাওয়ার পথে বেশ কয়েকজন নারী যাত্রীর স্বর্ণালংকার, নগদ অর্থ ও স্মার্টফোন লুট করে নেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকায় এ ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, ৫-৬ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল সড়কের ওপর গাছের ডাল ফেলে পথ অবরুদ্ধ করে রাখে। এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়া এক যুবক বিষয়টি টের পেয়ে কৌশলে পাশবর্তী মোড়ে গিয়ে স্থানীয়দের জানান।
এরই মধ্যে পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ভ্যানের চার নারী যাত্রী ডাকাত দলের কবলে পড়েন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময়ে ওই সড়ক দিয়ে অতিক্রম করা একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও একাধিক স্মার্টফোন লুট করা হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য উজ্জ্বল হোসেন জানান, নির্জন রাস্তার সুযোগ নিয়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সেখানে পৌঁছানোর আগেই ডাকাতেরা চম্পট দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে